Google search engine

লামিনে ইয়ামালের গতি, দক্ষতা আর বয়স ভুলিয়ে দেওয়ার মতো পরিণত খেলা—সব মিলিয়ে তিনি যেন স্পেন ফুটবলের নতুন আশা। কিন্তু কুঁচকির পুরোনো চোটই আবারও বাধা হয়ে দাঁড়াল তাঁর সামনে।

এই চোটের কারণেই বার্সেলোনার এই তরুণ উইঙ্গারকে হারাচ্ছে স্পেন দল, বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচে। গত মাসেও একই কারণে দুটি ম্যাচ মিস করেছিলেন ইয়ামাল। এরপর বার্সার হয়ে পাঁচ ম্যাচে ছিলেন না মাঠে। পুরোপুরি সুস্থ হতে রেডিওফ্রিকোয়েন্সি চিকিৎসা নিতে হয়েছে তাঁকে। কিন্তু সেই চিকিৎসার খবর জাতীয় দলের মেডিকেল টিমকে না জানিয়ে করা হয়েছে! এ নিয়েই ফেডারেশনের ক্ষোভ চরমে।

রাত ১০টা ৪০ মিনিটে একটি রিপোর্ট পেয়ে বিষয়টি জানতে পারে স্পেন ফেডারেশন (আরএফইএফ)। রিপোর্টে বলা হয়, ইয়ামালকে কমপক্ষে ৭ থেকে ১০ দিন বিশ্রামে থাকতে হবে। এতে করে নিশ্চিতভাবেই জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে মাঠে দেখা যাবে না তাঁকে।

মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল খেলেছেন স্পেনের হয়ে ২৩ ম্যাচ। এই মৌসুমে বার্সেলোনার জার্সিতে করেছেন ছয় গোল, ছয়টি অ্যাসিস্টও আছে তাঁর নামে। অথচ এমন এক সময়ে, যখন স্পেন দারুণ ছন্দে! চার ম্যাচে ১২ পয়েন্ট, ১৫ গোল দিয়েছে, একটি পর্যন্ত হজম করেনি ঠিক তখনই অনুপস্থিত থাকছেন দলের অন্যতম ভরসা ইয়ামাল।

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন। এরপর মঙ্গলবার ঘরের মাঠে মুখোমুখি হবে তুরস্কের। বাছাইপর্বের শীর্ষ দল যাবে সরাসরি বিশ্বকাপে, আর রানার্সআপদের অপেক্ষা করবে কঠিন প্লে-অফ।

স্পেনের আকাশে তাই আপাতত একটুখানি ছায়া তাদের তরুণ তারকা ইয়ামালের অনুপস্থিতি।

Google search engine