Google search engine

মোঃ লিমন শাহরিয়ার:

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে আজকের দিনটি একেবারেই আলাদা, একেবারেই ব্যতিক্রমী। দেশের তিন প্রধান খেলা—ফুটবল, ক্রিকেট ও হকি—একই দিনে, একই দেশের মাটিতে, আন্তর্জাতিক আসরে মাঠে গড়াচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপও। চার দিকেই এখন শুধু খেলার আমেজ, প্রতিযোগিতার উত্তেজনা, আর লাল-সবুজের উচ্ছ্বাস।

সকালের শুরুটা হয়েছে ঢাকার আর্মি স্টেডিয়ামে ধনুক-বাণের প্রতিযোগিতায়। সকাল ৯টায় শুরু হওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশসহ নানা দেশের সেরা তীরন্দাজরা।

দুপুর ২টায় ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে বিশ্বকাপ হকির বাছাইয়ের প্লে-অফ ম্যাচ। প্রতিপক্ষ হকির অন্যতম পরাশক্তি পাকিস্তান। মাঠে নামছে বাংলাদেশ জাতীয় হকি দল গ্যালারিতে তখন কানায় কানায় দর্শক, হাতে পতাকা, মুখে “বাংলাদেশ, বাংলাদেশ” স্লোগান।

এদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। লাল বলের টেস্টে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে মরিয়া টাইগাররা।

দিনের ক্লাইম্যাক্স আসবে রাতে। আলো ঝলমলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। এই ম্যাচে মাঠে থাকবেন তারকা ফুটবলার হামজা চৌধুরী ও শামিত সোম যাদের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে আগ্রহ ও রোমাঞ্চ।

এমন দৃশ্য, এমন সমন্বয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এর আগে কখনো দেখা যায়নি। একদিনে চারটি আন্তর্জাতিক আয়োজন যেন প্রমাণ করছে, বাংলাদেশ এখন শুধু খেলছে না, খেলাধুলাকে উদযাপন করছে এক উৎসবের মতো করে।

আজকের দিনটি তাই নিঃসন্দেহে লেখা থাকবে ইতিহাসে!
“বাংলাদেশের স্পোর্টস ফেস্ট ডে” যেদিন একসঙ্গে মাঠে নামল চার খেলা, আর একজোট হলো কোটি হৃদয়ের ভালোবাসা!

Google search engine