Google search engine

বিশ্বকাপের শুরুতেই চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে অবশেষে স্বস্তির খবর পেল ব্রাজিল। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন সেলেসাওদের পোস্টারবয়।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বুধবার অনুষ্ঠিত ব্রাজিল দলের অনুশীলনে শুরুতে আলাদা করে ওয়ার্ম-আপ করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। পরে দলের সঙ্গে কিছু ড্রিলেও অংশ নিতে দেখা যায় তাকে। বিশ্বকাপের আগে পাওয়া কাফের চোট কাটিয়ে এটি তার দলে ফেরার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান নেইমার।এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপ দলে জায়গা পেলেও এখন পর্যন্ত কোনো ম্যাচে অংশ নিতে পারেননি। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও বেঞ্চে থাকলেও খেলার সুযোগ পাননি।

 

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।মঙ্গলবার তিনি প্রথমবারের মতো মাঠে নেমে বল নিয়ে কাজ করেন। আর বুধবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নিয়ে ফেরার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন।

 

তবে হাইতির বিপক্ষে শনিবারের ম্যাচে তাকে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলের মেডিকেল বিভাগ ও কোচিং স্টাফ কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তারা নেইমারকে পুরোপুরি ফিট হওয়ার পর্যাপ্ত সময় দিতে চায়।

Google search engine